মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অভিজ্ঞ কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদকে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২৩তম বিশেষ অধিবেশনে সদস্য দেশগুলোর ঐকমত্যের ভিত্তিতে তাকে নির্বাচিত করা হয়।
ইসমাইল উলদ শেখ আহমেদ ৬৫ বছর বয়সী। তিনি বর্তমান মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হয়েছেন। তাহার মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত। নির্বাচনের পর ২৮ আগস্ট জেদ্দায় আনুষ্ঠানিকভাবে দুই মহাসচিবের মধ্যে দায়িত্ব হস্তান্তর হয়।
নতুন মহাসচিব পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন। ৫৭ সদস্যের ওআইসি মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ আন্তঃসরকারি সংগঠন।
ইসমাইল উলদ শেখ আহমেদের আন্তর্জাতিক কূটনীতিতে তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর আগে জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
২০১৫ সালে তৎকালীন জাতিসংঘ মহাসচিব বান কি মুন তাকে ইয়েমেনবিষয়ক বিশেষ দূত নিয়োগ করেন। ইয়েমেনের সংঘাতরত পক্ষগুলোর মধ্যে শান্তি আলোচনার উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর আগে তিনি লিবিয়া ও পশ্চিম আফ্রিকায়ও জাতিসংঘের বিভিন্ন দায়িত্বে ছিলেন। জাতিসংঘে কাজের সময় সিরিয়া, ইয়েমেন, লিবিয়া ও পশ্চিম আফ্রিকার মতো সংঘাতপ্রবণ অঞ্চলে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
নির্বাচনের পর ইসমাইল উলদ শেখ আহমেদ বলেন, ওআইসির সদস্য দেশগুলোর আস্থা অর্জন তার জন্য বড় সম্মানের। সংগঠনের মহাসচিব হিসেবে তিনি সদস্য দেশগুলোর মধ্যে সংহতি বাড়ানো এবং বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় ওআইসির কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মৌরিতানিয়া চলতি বছরের শুরুতে তার প্রার্থিতার জন্য সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতা চালায়। ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়নও ২০২৭–২০৩২ মেয়াদের জন্য তাকে ওআইসি মহাসচিব পদে সমর্থন দেয়।
দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে প্রথমবারের মতো একজন কূটনীতিক ওআইসির নেতৃত্বে এলেন।
প্রকাশক ও সম্পাদক: কবির হোসেন
অফিসঃ ১৮০-১৮১ (৮ম তলা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয়নগর, ঢাকা – ১০০০
ফোনঃ ০২-২২২২২৮৭৮০, ফ্যাক্সঃ ০২-২২২২২৮৫১৫, মোবাইলঃ ০১৭৪৬-৬৪১২৮১, ০১৮৩৩-৯৩৮৫৭৯
Email : aideshaisomoy1977@gmail.com
২০০৫-২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | একটি গ্লোবাল পাবলিকেশন এন্ড মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠান