আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার জন্য কোরের সব সদস্যের প্রতি নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে (ইএমইসিএন্ডএস) ইলেট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ষষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশনা দেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এক বিবৃতিতে একথা জানিয়েছে। এতে বলা হয়, সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত ইএমই কোরের ইউনিটগুলোর অধিনায়ক এবং অন্য কর্মকর্তাদের উদ্দেশে মূল্যবান বক্তব্য দেন। এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানীসহ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাশাপাশি তিনি এ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং যুদ্ধ ও শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর অস্ত্র, যানবাহন, যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। এ ছাড়া ইএমই কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি ইএমই কোরের ষষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠানে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী মনোমুগ্ধকর কোর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ এবং প্রাক্তন ও বর্তমান সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি ইএমই কোরের সদস্যদের মধ্যকার ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধ বৃদ্ধিতে এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও চেয়ারম্যান, বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড (বিআরইবি), সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া; সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, ইএমই কোরের ইউনিটসমূহের অধিনায়করা, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা।
প্রকাশক ও সম্পাদক: কবির হোসেন
অফিসঃ ১৮০-১৮১ (৮ম তলা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয়নগর, ঢাকা – ১০০০
ফোনঃ ০২-২২২২২৮৭৮০, ফ্যাক্সঃ ০২-২২২২২৮৫১৫, মোবাইলঃ ০১৭৪৬-৬৪১২৮১, ০১৮৩৩-৯৩৮৫৭৯
Email : aideshaisomoy1977@gmail.com
২০০৫-২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | একটি গ্লোবাল পাবলিকেশন এন্ড মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠান