কুমিল্লার চান্দিনা উপজেলার মো: সাগর (২৪) নামের এক তরুণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন বলে তার পরিবার জানতে পেরেছে।
শনিবার (১৭ অক্টোবর) রাশিয়া থেকে সাগরের এক বন্ধু তার বোনকে মোবাইল ফোনে সাগরের মৃত্যুর খবর জানান।
মো: সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো: কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সাগর সবচেয়ে ছোট।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে ভ্যান চালাতেন সাগর। পাশাপাশি রিকশাও চালাতেন। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ওই দোকানের ম্যানেজারের সহযোগিতায় ছয় লাখ টাকায় রাশিয়ায় পাড়ি জমান সাগর। সেখানে ৭০ হাজার টাকা বেতনে একটি বেকারিতে কাজও নেন তিনি।
এরপর সেখানে সাগরের সাথে এক বাংলাদেশী দালালের সাথে পরিচয় হয়। ওই দালাল তাকে রুশ সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে এককালীন ৩০ লাখ টাকা চান। পরে চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেন তিনি। তারপর থেকে সাগরের সাথে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সাগরের চাচা আব্দুল আওয়াল জানান, সাগর যখন রাশিয়ায় বেকারিতে চাকরি ছেড়ে রুশ সেনাবাহিনীতে চাকরির কথা জানায়, তখন তাকে নিষেধ করেছিলেন। কিন্তু ওই দেশের দালাল তাকে ভুল তথ্য দিয়ে যুদ্ধে সৈনিক হিসেবে যুক্ত করেছেন। পরে গত শনিবার তার বন্ধু সাগর মারা গেছে বলে জানান।
সাগরের বাবা কবির হোসেন বলেন, ‘সবজির ব্যবসা করেছি। দীর্ঘদিন নানা রোগে অসুস্থ। অনেক ধার-দেনা করে তাকে বিদেশে পাঠিয়েছি। চার-পাঁচ মাস যাবৎ ছেলেটার সাথে কথাও বলতে পারি নাই। এখন শুনি আমার ছেলে আর নাই।’
এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত নন। তারা খোঁজ নিয়ে দেখবেন।
--ইউএনবি
প্রকাশক ও সম্পাদক: কবির হোসেন
অফিসঃ ১৮০-১৮১ (৮ম তলা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয়নগর, ঢাকা – ১০০০
ফোনঃ ০২-২২২২২৮৭৮০, ফ্যাক্সঃ ০২-২২২২২৮৫১৫, মোবাইলঃ ০১৭৪৬-৬৪১২৮১, ০১৮৩৩-৯৩৮৫৭৯
Email : aideshaisomoy1977@gmail.com
২০০৫-২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | একটি গ্লোবাল পাবলিকেশন এন্ড মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠান