তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ কয়েক দফা দাবিতে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি মানা না হলে টানা দুই দিন বন্ধ রাখার পর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. সেলিম খান। তিনি বলেন, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, টানা দুই দিন সারা দেশে এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে।
এলপি গ্যাস সমিতির দাবির মধ্যে আছে, পরিবেশকদের কমিশন বাড়ানো। কোনো কোম্পানি ইচ্ছেমতো মাসে একাধিকবার দাম বাড়াতে পারবে না। বাড়াতে হলে বিইআরসির মাধ্যমে বাড়াতে হবে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কোম্পানির সিলিন্ডারে গ্যাস ভরার ব্যবস্থা করা। ভোক্তা সংরক্ষণ অধিকারের অযৌক্তিক জরিমানা আরোপ বন্ধ করতে হবে।
এর আগে ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়। যদিও বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ৫০০ থেকে ৬০০ টাকা বাড়তি দিতে হচ্ছে ক্রেতাদের। এলপিজি পরিবেশকেরা বলছে, তাদের কমিশন না বাড়ালে নির্ধারিত দামে তারা বিক্রি করতে পারবে না। তাই প্রতি সিলিন্ডারে কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করতে গত ৮ অক্টোবর বিইআরসিতে চিঠি দিয়েছে তারা।
প্রকাশক ও সম্পাদক: কবির হোসেন
অফিসঃ ১৮০-১৮১ (৮ম তলা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয়নগর, ঢাকা – ১০০০
ফোনঃ ০২-২২২২২৮৭৮০, ফ্যাক্সঃ ০২-২২২২২৮৫১৫, মোবাইলঃ ০১৭৪৬-৬৪১২৮১, ০১৮৩৩-৯৩৮৫৭৯
Email : aideshaisomoy1977@gmail.com
২০০৫-২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | একটি গ্লোবাল পাবলিকেশন এন্ড মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠান