৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক
- আপডেট সময় : ০৪:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পঠিত

দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে আমানতের মূল টাকা ফেরত পাওয়ার অপেক্ষা শেষ হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি গ্রাহকদের। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের হিসাবের জমানো মূল অর্থ এককালীন ফেরত দেওয়া শুরু করবে ব্যাংকটি। তবে এ অর্থের ওপর কোনো মুনাফা পাবেন না গ্রাহকেরা। এ জন্য আজ মঙ্গলবার থেকে শাখা ও উপশাখায় আবেদন গ্রহণ শুরু হবে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জারি করা বিশেষ প্রজ্ঞাপনে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সব বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের আল–ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং বিভিন্ন মেয়াদি হিসাব (এমটিডিআর ও ডিপিএসসহ) থেকে গ্রাহকেরা তাদের জমা করা মূল টাকা তুলে নিতে পারবেন। তবে কোনো গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখলে চুক্তি অনুযায়ী পূর্বনির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন। ব্যাংকের সার্বিক কার্যক্রম পূর্ণমাত্রায় চালু হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকেই ব্যক্তি পর্যায়ে স্বাভাবিক লেনদেন পুনরায় চালুর সিদ্ধান্ত রয়েছে। তবে শাখা ও উপশাখাগুলোতে নগদ টাকার রিকুইজিশন পাঠানো, কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রয়োজনীয় নগদ অর্থের জোগান নিশ্চিত করা এবং ঝুঁকিমুক্ত ক্যাশ ব্যবস্থাপনার প্রস্তুতি সম্পন্ন করতে কয়েক দিন সময় লাগছে। এ কারণেই ৭ সেপ্টেম্বর থেকে আমানতের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম পুরোদমে শুরুর সিদ্ধান্ত হয়েছে।
এদিকে, গ্রাহকদের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে ১ সেপ্টেম্বরকে বিশেষ দিবস হিসেবে পালনের নির্দেশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ দিনকে গ্রাহকের আস্থা পুনর্গঠনের দিন হিসেবে বিবেচনা করে শাখা–উপশাখা সাজানো, কর্মকর্তাদের নির্ধারিত ও মার্জিত পোশাকে উপস্থিত থাকা এবং গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে অভ্যর্থনা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে দ্রুত সেবা দেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা, গ্রাহক সন্তুষ্টির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং সেবা কার্যক্রমের ভিডিও ধারণের নির্দেশনা রয়েছে।
বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে দীর্ঘদিন আমানত ফেরত দিতে না পারা শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এগুলো হলোÑ এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। ব্যাংকগুলোর প্রায় ৭৬ লাখ আমানতকারীর জমা রয়েছে প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। অন্যদিকে, পাঁচ ব্যাংকের মোট ১ লাখ ৯২ হাজার কোটি টাকার ঋণের প্রায় ৮৬ শতাংশই এখন খেলাপি। ব্যাংকগুলোর মূলধন ঘাটতিও দেড় লাখ কোটি টাকার বেশি।
সরকারি মালিকানাধীন ব্যাংক হিসেবে গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার হিসেবে দেওয়ার কথা রয়েছে।











