টানা ছয় দিন পর আজ আবার বসছে সংসদ
- আপডেট সময় : ১২:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১ বার পঠিত

টানা ছয় দিন বিরতির পর আজ আবারও বসছে চলতি সংসদের মূলতবি অধিবেশন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অধিবেশনে ইতিমধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে। বাজেট পাসের পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে। গত ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়।
গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন।
পাশাপাশি অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে বক্তব্য দেন তারা।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবারের বৈঠকের কার্যসূচিতে পাঁচটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। এগুলো হলো—পানিসম্পদ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়।
বৈঠকে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে আনা দুটি নোটিশের ওপর আলোচনা হবে।
এর মধ্যে একটি নোটিশে চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের শতভাগ রপ্তানি, কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়েছে। অন্য নোটিশে ভূমিহীন ও দরিদ্র মানুষের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়ার বিষয়টি আলোচনায় আসবে।
এ ছাড়া দিনের কার্যসূচিতে ‘বাংলাদেশ মেট্রোকল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’-এর বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন এবং আইন প্রণয়ন কার্যক্রম রয়েছে।
সূত্র জানায়, চলতি অধিবেশনেই সংসদের স্থায়ী কমিটিগুলোর গঠন প্রক্রিয়া শেষ হতে পারে। ইতিমধ্যে কয়েকটি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
অবশিষ্ট কমিটিগুলোও এ অধিবেশনেই গঠনের প্রস্তুতি চলছে।
কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জুলাই পর্যন্ত অধিবেশন চলার কথা রয়েছে। তবে প্রয়োজন হলে অধিবেশনের মেয়াদ বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।









