আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাসের পাতায় একাধিক বিশ্বরেকর্ড গড়ল স্পেন
- আপডেট সময় : ০২:৪৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৪ বার পঠিত

ফুটবল ইতিহাসে প্রথম দেশ হিসেবে একইসময়ে নারী ও পুরুষ—উভয় বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। পাশাপাশি ইউরো ও বিশ্বচ্যাম্পিয়নও তারা।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে এই জয়ের গুরুত্ব শুধু শিরোপা জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়।
নিউইয়র্ক–নিউ জার্সির ফাইনালের পর একাধিক অনন্য কীর্তি গড়েছে স্পেন। দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় নিজেদের নাম আরো উজ্জ্বল করেছে লা রোজারা।
অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে স্পেন। এই জয়ের মাধ্যমে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে নতুন বিশ্বরেকর্ডও গড়েছে তারা। যা নেই আর কারো।
পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল স্পেনের আধিপত্য। শিরোপা জয়ের পথে আট ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। আক্রমণভাগের ধার যেমন ছিল চোখে পড়ার মতো, তেমনি রক্ষণভাগও ছিল প্রায় দুর্ভেদ্য।
এই শিরোপার মাধ্যমে স্পেন আরো একটি অনন্য কীর্তি গড়েছে। ফুটবল ইতিহাসে প্রথম দেশ হিসেবে একইসময়ে নারী ও পুরুষ—উভয় বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।
২০২৩ সালে নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেনের নারী দল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার পুরুষ দলও বিশ্বকাপ জিতে ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল।
এর আগে, নারী ও পুরুষ—দুই বিভাগেই বিশ্বকাপ জেতার কৃতিত্ব ছিল কেবল জার্মানির। জার্মানির নারী দল ২০০৩ ও ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয় আর পুরুষ দল চ্যাম্পিয়ন হয় ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালের বিশ্বকাপ।
তবে দুই দল কখনোই একইসময়ে বিশ্বচ্যাম্পিয়ন ছিল না। সেই অনন্য রেকর্ড এখন শুধুই স্পেনের। সেই সাথে প্রথম দল হিসেবে একই সময়ে ইউরো ও বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন।




















